প্রিন্ট এর তারিখঃ May 15, 2026 ইং
|| প্রকাশের তারিখঃ May 14, 2026 ইং
|| প্রতিবেদকঃ স্টাফ রিপোর্টার
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফেনীতে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিনিধি:
ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের লাইব্রেরি কক্ষে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচির অগ্রগতি ও কর্মপরিকল্পনা নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস—এই ছয়টি প্রধান কার্যক্রমের বর্তমান অবস্থা তুলে ধরা হয়। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য নিরসনের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। এই কার্ডের আওতায় সুবিধাভোগীরা প্রতি মাসে ২,৫০০ টাকা আর্থিক সহায়তা এবং টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুবিধা পাবেন। বিশেষ করে নারী প্রধান পরিবার, ভূমিহীন ও দিনমজুররা এই কর্মসূচিতে অগ্রাধিকার পাচ্ছেন। কার্ডগুলো পরিবারের গৃহকর্ত্রীর নামে ইস্যু করায় এটি নারীদের আর্থিক স্বাধীনতা বৃদ্ধিতে সহায়ক হবে। কৃষিখাতের ডিজিটাল রূপান্তরের লক্ষ্যে 'কৃষক কার্ড' প্রবর্তন করা হয়েছে, যার মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সেচ, সার ও বীজসহ ১০ ধরনের সেবা পাবেন। এছাড়া ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার ফলে প্রায় ১২ লক্ষ কৃষক উপকৃত হবেন। এর মাধ্যমে ১,৫০০ কোটি টাকা সুদসহ ঋণ মওকুফ করা হবে, যা কৃষকদের মহাজনী ঋণের হাত থেকে রক্ষা করবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করবে। অন্যদিকে, ২০২৬ সালের ১৬ মার্চ থেকে দেশব্যাপী শুরু হয়েছে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি। প্রথম ধাপে ১,২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা থাকলেও আগামী ৫ বছরে তা ২০ হাজার কিলোমিটারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস নারীদের যাতায়াত নিরাপদ ও আরামদায়ক করতে বিআরটিসির মাধ্যমে বিশেষায়িত মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ঢাকায় পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালানো হবে, যার চালক ও নিয়ন্ত্রণকারী হিসেবে নারীরাই দায়িত্ব পালন করবেন। সরকারের এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে জেলা তথ্য অফিস, ফেনী ব্যাপক প্রচার কর্মসূচি বাস্তবায়ন করছে। ১৮০ দিনের এই বিশেষ কর্মসূচির আওতায় সড়ক প্রচার, চলচ্চিত্র প্রদর্শন, উঠান বৈঠক ও নারী সমাবেশের মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। ব্রিফিংয়ে আশাবাদ ব্যক্ত করা হয় যে, প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যেই শতভাগ বাস্তবায়িত হবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথ প্রশস্ত করবে।
© দৈনিক নয়াপয়গাম